পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর আগারগাঁওয়ে চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজন করতে যাচ্ছে।
ঈদ জামাতের প্রস্তুতি সাপেক্ষে, রোববার (১৫ মার্চ) ডিএনসিসি-এর কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদ জামাতের সময়সূচি নির্ধারণ করা হয় এবং অন্যান্য প্রস্তুতিসমূহের উপর আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সভায় জানানো হয়, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে ঈদ জামাত আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ঈদগাহে প্রবেশের জন্য ৩টি গেট রাখা হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথ থাকবে। মুসল্লিদের জন্য ওজু করার ব্যবস্থা করা হবে।
আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই প্লাটুন পুলিশ মোতায়েন করবে। এছাড়া, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে সমন্বয় করা হবে, যেমন— ট্রাফিক বিভাগ, ডিপিডিসি ও ওয়াসা।
সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে বলেন, নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং নগরবাসীকে এ বিষয়ে জানাতে হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
/ইউএমএইচ