মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য ‘শত্রু’ পক্ষকে দায়ী করেছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর যৌথ কমান্ড থেকে এ অভিযোগ করা হয়েছে। তবে এর কোনো প্রমাণ দেওয়া হয়নি। ইরান সাধারণত ‘শত্রু’ বলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বুঝিয়ে থাকে।
দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে (মূলত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা জবাব দিচ্ছে ইরানি সামরিক বাহিনী। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলো।
সংযুক্ত আরব আমিরাত রোববার সকালে একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে বেজেছে সতর্ক সংকেত (সাইরেন)।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় এলাকায় তারা ১০টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
আজকের বিবৃতিতে ইরান কোনো প্রমাণ ছাড়া দাবি করেছে, তাদের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোনের নকল (যা ‘লুকাস’ নামে পরিচিত) ব্যবহার করে তুরস্ক, ইরাক ও কুয়েতসহ এ অঞ্চলের বিভিন্ন দেশের ‘অপ্রাসঙ্গিক লক্ষ্যবস্তুতে’ আঘাত হানা হয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
সময়ের আলো/এআর