শুরুতে ১৬টি সিনেমার ঘোষণা হলেও আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে ছয়টি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। সিনেমাগুলো নিয়ে সরগরম সিনেপাড়া। এরই মধ্যে সিনেমাগুলোর টিজার বা ট্রেলার প্রকাশ হয়েছে, যা সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়িয়েছে উন্মাদনা।
দর্শক প্রতিক্রিয়ার দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’-এর টিজার। প্রকাশের পর থেকেই টিজারটি দর্শকের বিশেষ নজর কাড়ে। যদিও টিজারটি নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে, এরপরও এটি সবার মধ্যে বেশ আগ্রহ তৈরি করতে পেরেছে।
দেড় মিনিটের টিজারের থেকে সিনেমার গল্পের পটভূমি সম্পর্কে আভাস পাওয়া যায়, যেখানে ঢাকার আন্ডারওয়ার্ল্ড কেন্দ্র করে তৈরি হয়েছে কাহিনি। ‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে শাকিব খানের পাশাপাশি তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ীসহ আরও অনেকেই অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড।
প্রকাশিত হয়েছে রেদওয়ান রনি পরিচালিত ও আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’-এর টিজার। ৫৪ সেকেন্ডের টিজারে উদ্বেগ, নির্যাতন আর সংগ্রামের এক চিত্র ফুটে উঠেছে। পুরো টিজারে একটি সংলাপ, সেটিও একদম শেষে এবং আফরান নিশোর কণ্ঠে। তাকে বলতে শোনা যায়, আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো। ছোট্ট এই সংলাপ পুরো সিনেমাকে শ্বাসরুদ্ধকর করে তুলবে বলে মনে করছেন দর্শকরা।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ মুহূর্তে প্রকাশ্যে এসেছে ‘রাক্ষস’-এর ট্রেলার। ২ মিনিট ১৩ সেকেন্ডের এই ট্রেলারটি আক্ষরিক অর্থেই এক অন্ধকার ও নৃশংসতার আড়ালে প্রেমের গল্পের আভাস দিয়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। ট্রেলারের শুরুতে সিয়ামের কণ্ঠে শোনা যায়, ‘মানুষ বলে নারী কিসে আটকায়? আমি বলি নারী আটকায় লোভে। আর লোভে পাপ...।’
খলনায়কের উদ্দেশে সিয়ামের হুঙ্কার, ‘তুই যদি ওদের বাপ হোস, তাইলে আমি তোর বাপেরও বাপ।’ দর্শকের মনে শিহরণ জাগিয়েছে রক্তে ভেজা শরীরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তার ‘আইতাছি’ সংলাপটি। এ ছাড়া ভিডিও কলে সিয়ামের, ‘ওই জিল্লু, খাইয়া দে’ সংলাপটি দর্শকের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে।
দর্শকের মধ্যে আগ্রহ বাড়িয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার টিজার। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। ১ মিনিট ২১ সেকেন্ডের এই টিজারে উঠে এসেছে ২০০৭ সালের এক কুয়াশাচ্ছন্ন বিকালের গল্প। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা ও শামীমা নাজনীনসহ অনেকে।
অন্য রকম এক রহস্য এবং উত্তেজনায় ভরা ‘পিনিক’ সিনেমার ১ মিনিট ৪০ সেকেন্ডের টিজার প্রকাশ হয়েছে। অ্যাকশন, থ্রিলার, হরর, রোমান্স ঘরানার সিনেমাটির নির্মাতা জাহিদ জুয়েল। জাজ মাল্টিমিডিয়ার এই সিনেমাটিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। আরও রয়েছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী প্রমুখ।
রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এর এক মিনিট ২৬ সেকেন্ডের টিজারে দেখা গেছে টানটান উত্তেজনা। থ্রিলার ঘরানার সিনেমার যা বৈশিষ্ট্য তা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে। সিনেমার প্রধান চরিত্রের চার অভিনেত্রী- শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া হোসেনও নজর কেড়েছেন দর্শকের।
সময়ের আলো/কেএইচও