এবার অভিনয়ে অভিষেক ঘটতে যাচ্ছে এ সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মাশা ইসলামের। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে আলোচিত নির্মাতা তানিম নূর নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে এ অভিষেক ঘটছে তার। এ বিষয়ে মাশা ইসলাম গণমাধ্যমে বলেন, হুমায়ূন আহমেদের উপন্যাসের কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ, যে কারও কাছে অনেক বড় কিছু।
এর আগে অনেকবার অভিনয়ের প্রস্তাব পেয়েছি, তবে কখনো সেভাবে তা করার মতো ভেতরে তাড়না দেয়নি। কিন্তু এবার নিজেই তানিম নূর ভাইকে বলে এ সিনেমায় যুক্ত হয়েছি। তানিম নূর ভাইয়ের নির্মাণের ভক্ত আমি। তার ‘উৎসব’ দেখার পর তা কয়েকগুণ বেড়ে যায়।
ভাই যখন এ সিনেমার কাজ করছিলেন তখন বলেছিলাম, এই সিনেমার সদস্য হতে চাই। নেপথ্যে কাজ করতে চাই। কিন্তু ভাই বললেন, না তোমাকে পর্দায় দেখতে চাই। একটি চরিত্রে অডিশন দিতে বলল, ভিডিও পাঠালাম, ভাই চূড়ান্ত করলেন।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শরিফুল রাজ, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, এ কে আজাদ সেতু প্রমুখ।
সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ। সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওজ, সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশন্স। সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেছেন মাশা।
সময়ের আলো/কেএইচও