তেহরান থেকে মাত্র ৭ মিনিটে তেল আবিবে পৌঁছাতে পারে এমন ‘ড্যান্সিং মিসাইল’ দিয়ে ইসরায়েলে হামলার দাবি করেছে ইরান।
স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে ‘সেজ্জির’ নামক ড্যান্সিং মিসাইল দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এই প্রথম কৌশলগত ও সলিড-ফুয়েল সেজ্জিল মিসাইল ব্যবহার করেছে আইআরজিসি।
রোববার (১৫ মার্চ) ইসরায়েলের ওপর ৫৪তম দফার এই পাল্টা হামলা চালায় আইআরজিসি।
আইআরজিসি-র জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে বলেছে, নতুন দফার এই হামলায় খায়বার-শেকান, কদর ও এমাদ মিসাইল ছোড়া হয়েছে। এর পাশাপাশি ছিল দুই টন ওয়ারহেড বহনে সক্ষম অতি-ভারী খোররামশহর মিসাইলও।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর যে কেন্দ্রগুলো থেকে বিমান হামলা নিয়ন্ত্রণ ও নীতি-নির্ধারণ করা হয়, মূলত সেগুলোকে লক্ষ্য করেই এই প্রথম সেজ্জিল ছুড়েছে তারা।
ইসরায়েলের প্রতিরক্ষা ও সামরিক শিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সেনাঘাঁটিগুলোতে এ হামলায় সফলভাবে আঘাত হানা গেছে বলেও দাবি করেছে আইআরজিসি।
সেজ্জিল একটি দ্বি-স্তরীয় (টু-স্টেজ), সলিফ-ফুয়েল বা কঠিন জ্বালানি-চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
/এমএইচআর