নির্ঘুম রাত কাটছে পোশাক কারিগরদের

আতিকুর রহমান, ঝালকাঠি

সারাদেশ

ঈদ মানেই নতুন পোশাক। নতুন পোশাক পরিধানের ক্ষেত্রে তৈরি পোশাক অনেকেরই পছন্দ অনুযায়ী হয় না। এ জন্য আলাদা কাপড় কিনে

2026-03-17T02:26:41+00:00
2026-03-17T02:26:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নির্ঘুম রাত কাটছে পোশাক কারিগরদের
আতিকুর রহমান, ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:২৬ এএম 
সংগৃহীত ছবি
ঈদ মানেই নতুন পোশাক। নতুন পোশাক পরিধানের ক্ষেত্রে তৈরি পোশাক অনেকেরই পছন্দ অনুযায়ী হয় না। এ জন্য আলাদা কাপড় কিনে পোশাক তৈরি কারিগরদের দ্বারা নতুন পোশাক তৈরি করেন। গ্রাহক চাহিদা পূরণে রমজানের শেষ মুহূর্তে নির্ঘুম রাত কাটাচ্ছেন পোশাক তৈরি কারিগর দর্জি অথবা টেইলররা। বিশেষ করে মহিলা টেইলার্সদের দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পোশাক তৈরির কাজ। ঈদে নতুন পোশাক পরার আনন্দকে ঘিরে নারী ও কিশোরীদের ভিড় দিন দিন বাড়ছে।

শহরের প্রধান বাণিজ্যিক এলাকা ঝালকাঠি মার্কেট ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি মহিলা টেইলার্স দোকানে অর্ডারের চাপ অনেক বেশি। অনেক দোকানেই কাপড় কাটার শব্দ, সেলাই মেশিনের আওয়াজ আর কর্মীদের ব্যস্ততা চোখে পড়ছে। কেউ কাপড় মাপ নিচ্ছেন, কেউ কাটিং করছেন, আবার কেউ সেলাইয়ের কাজ শেষ করে ইস্ত্রি করছেন।

ব্যস্ততার বিষয়ে দর্জিরা জানান, ঈদের প্রায় এক মাস আগে থেকেই পোশাক তৈরির অর্ডার আসতে শুরু করে। কিন্তু ঈদ যত ঘনিয়ে আসে, ততই কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়। অনেক দোকানে ইতিমধ্যে নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে পুরোনো অর্ডারগুলো সময়মতো সরবরাহ করা যায়। তবে নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের জন্য নেওয়া হচ্ছে বিশেষ অর্ডার।

শহরের দুর্গাপ্রসাদ রোডের টেইলার্স কর্মী শিউলি আক্তার বলেন, সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। মাঝেমধ্যে রাত আরও বেশি হয়ে যায়। তারপরও সব কাজ সময়মতো শেষ করা কঠিন হয়ে যাচ্ছে।

আরেক দোকান মালিক জানান, এবার মেয়েদের থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা, কুর্তি এবং ফ্যাশনেবল ব্লাউজের চাহিদা বেশি। অনেক গ্রাহক সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট থেকে বিভিন্ন ডিজাইন দেখিয়ে সেই অনুযায়ী পোশাক তৈরি করতে বলছেন। ফলে প্রতিটি পোশাক বানাতে বেশি সময় ও যত্ন দিতে হচ্ছে।

ক্রেতা ইমা আক্তার জানান, ঈদে নতুন পোশাক পরার আনন্দ আলাদা। তাই অনেকে বাজার থেকে নিজের পছন্দের কাপড় কিনে তা দিয়ে নতুন ডিজাইনের পোশাক বানাচ্ছেন। সরকারি মহিলা কলেজ ছাত্রী আনিকা আক্তার বলেন, ঈদে নিজের পছন্দমতো ডিজাইনের পোশাক পরতে ভালো লাগে। তাই আগে থেকেই দর্জির দোকানে অর্ডার দিয়েছি।

মহিলা টেইলার্সদের মতে, ঈদকে ঘিরে এই সময়টিই তাদের বছরের সবচেয়ে ব্যস্ত সময়। অনেকেই অতিরিক্ত কর্মী নিয়োগ দিয়ে কাজ সামাল দেওয়ার চেষ্টা করছেন। 

কাজের চাপ বেশি হলেও ভালো আয়ের আশায় তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তবে দর্জিরা জানান, ঈদের শেষ সপ্তাহে এসে অনেক গ্রাহক হঠাৎ করে পোশাক বানাতে আসেন যা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই সময়মতো পোশাক পেতে আগেভাগেই অর্ডার দেওয়ার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই ঝালকাঠি শহরের মার্কেট ও দর্জি দোকানগুলোতে বাড়ছে ব্যস্ততা।



  বিষয়:   ঈদ  পোশাক  রমজান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: