দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর রকেট হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণাঞ্চলের তায়বেহ এলাকায় জড়ো হওয়া ইসরাইলি সেনা ও সামরিক যানবাহন লক্ষ্য করে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একাধিক রকেট ছোড়া হয়।
বিষয়টি হিজবুল্লাহ তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর অবস্থান ও গতিবিধি নজরে রেখেই এ হামলা চালানো হয়। তবে হামলায় ইসরাইলি বাহিনীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
এদিকে দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান উত্তেজনা ও সংঘর্ষ ক্রমেই বাড়ছে।
হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে তাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে।