পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে প্রথমবারের মতো সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার হিসাবে নগদ টাকা দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) দেশের পাঁচটি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এদিন রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মোট ৭ হাজার ১৫১ জন পরিচ্ছন্নতা কর্মীকে দেওয়া মোট প্রায় সাড়ে ৩৪ লাখ টাকা।
সময়ের আলোর জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী
রাসিকের ১২৩৭ পরিচ্ছন্ন কর্মী পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
রাজশাহী ব্যুরো : প্রধানমন্ত্রী তারেক রহমান পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। রাসিকের মোট ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীর মধ্যে সর্বমোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিতে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হয়ে এই টাকা তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করেন, সেই পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, সিটি করপোরেশন নাগরিক সেবার প্রতিষ্ঠান। আমরা অত্যন্ত আন্তরিকতার মাধ্যমে নাগরিকদের নাগরিক সেবা প্রদান করব। রাজশাহী মহানগরবাসী যা চায়, আমরা তা করব। সবার সহযোগিতা কামনা করছি।
এসময় পরিচ্ছন্নকর্মী হারুনুর রশীদ বলেন, ঈদ উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। এই অনুদান পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে আমাদের আরও উৎসাহ জোগাবে।
সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝেও প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নগরভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ৮২৭ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেন।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার উচ্ছ্বসিত চসিকের পরিচ্ছন্নতা কর্মীরা
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তিন হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে প্রতিজন পাঁচ হাজার টাকা করে মোট এক কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের টাকা বিতরণ করেন। সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীদের হাতে এ টাকা দেওয়া হয়।
নারায়ণগঞ্জে পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ
নারায়ণগঞ্জ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান হস্তান্তর করেন সিটি প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মোট ১ হাজার ১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫৬ লাখ ৭৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ পেলেন মসিকের ৬৮৭ পরিচ্ছন্নতাকর্মী
ময়মনসিংহ : প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে পেলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মী।
মঙ্গলবার দুপুরে টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদান তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার।
এফআর