টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ী এলাকায় ‘বুলবুল স্টোর’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অবৈধ মজুদ প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম।
এ সময় তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বাসাইল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম জানান, সরকার নির্ধারিত দামের বাইরে তেল বিক্রি এবং অবৈধভাবে মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সময়ের আলো/আরবিএন