চট্টগ্রামে বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করে পালিয়ে গেছে মালিক। প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ কয়েকশ শ্রমিক।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১ নগরীর অলংকার মোড় এলাকায় ‘জয় ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। এতে ব্যস্ত সড়ক যানজট দেখা দেওয়ায় ভোগান্তির মুখে পড়েন লোকজন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে শ্রমিকরা প্রতিদিনের মতো কারখানায় কাজে যোগ দিতে আসেন। এসে দেখতে পান মূল ফটকে তালা ঝুলছে। এসময় শ্রমিকরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের খোঁজ করলেও পাননি।
ঈদের আগে বকেয়া বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কারখানা বন্ধ করে সটকে পড়ে মালিক পক্ষ। এতে ক্ষোভে ফেটে পড়েন কয়েকশ শ্রমিক।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনের প্রধান সড়কে অবস্থান নেন। পরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ভুক্তভোগী শ্রমিকরা বলেন, কয়েকদিন পরেই ঈদ। অথচ এখনও গত দুই মাসের বেতন বকেয়া। আমাদের বেতন দেওয়ার কথা বলা হয়েছিল। মঙ্গলবার সকালে এসে দেখি মালিক সব বন্ধ করে পালিয়েছে। এখন আমরা সন্তানদের মুখে কী তুলে দেব? আমাদের পাওনা না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।
জানতে চাইলে শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদ বলেন, ওই কারখানায় কয়েকশ শ্রমিক কাজ করেন। আগেও বেতন ভাতা নিয়ে সমস্যা হয়েছে। এবারও ঈদের ঠিক আগে কারখানায় তালা দিয়ে পালিয়েছে মালিক।
তিনি আরও বলেন, এমনকি নিজেদের বাসায় তালা দিয়ে পালিয়েছেন মালিকের স্ত্রীসহ পরিবারের সদস্যরা। আমরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের দাবি পূরণের চেষ্টা করছি।
এফআর