দুর্ঘটনা রোধে ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়াসহ

2026-03-17T20:12:55+00:00
2026-03-17T20:12:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দুর্ঘটনা রোধে ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:১২ পিএম 
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। ছবি : সময়ের আলো
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়াসহ মোট ৯টি অতি ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) পৃথকভাবে লাল পতাকা স্থাপন করেছে। 

সোমবার (১৬ মার্চ) সড়ক ও জনপথ অধিদপ্তর এবং তার আগের দিন বিআরটিএ এই কার্যক্রম পরিচালনা করে। 

মহাসড়কের প্রতিটি বাঁকে উভয়মুখী ১০টি করে মোট ৯০টি লাল পতাকা টাঙানো হয়েছে যাতে চালকেরা দূর থেকেই বিপদজনক বাঁক সম্পর্কে সতর্ক হতে পারেন।

​বিআরটিএ’র তালিকায় থাকা ঝুঁকিপূর্ণ বাঁকগুলোর মধ্যে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন এলাকা, জাঙ্গালিয়া, ডেপুটি বাজারের উভয় পাশের বাঁক, ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা এবং সাতকানিয়ার মিঠাদিঘী, চন্দনাইশের খানহাট ও পটিয়ার নিমতলা মাজার সংলগ্ন বাঁক উল্লেখযোগ্য। 

বিশেষ করে লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকাটি ‘দুর্ঘটনার হটস্পট’ হিসেবে পরিচিত, যেখানে গত ঈদে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৬ জনের প্রাণহানি ঘটেছিল। এই এলাকাটি বর্তমানে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কারণ আগে বসানো রাম্বল স্ট্রিপগুলো বৃষ্টির কারণে বিলীন হয়ে গেছে এবং সড়কের দুই পাশে প্রশস্ত করার জন্য বসানো ইটগুলো দেবে গেছে।

​সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, জাঙ্গালিয়া এলাকায় দুর্ঘটনা কমাতে ৯০০ মিটার অংশ ৪ লেনে উন্নীত করার পাশাপাশি মাঝখানে ডিভাইডার বসানোর একটি প্রকল্প চলমান রয়েছে। এছাড়া সাতকানিয়া রাস্তার মাথা থেকে জাঙ্গালিয়া পর্যন্ত মহাসড়কের উভয় পাশে ৫ ফুট করে প্রশস্ত করার কাজও চলছে। ঈদযাত্রায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ বাঁকগুলোর ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে এবং সড়কের রাম্বল স্ট্রিপ ও বিভাজকগুলোতে নতুন করে রং করা হয়েছে।

​সংশ্লিষ্টদের মতে, এই মহাসড়কে দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে অপ্রশস্ত সড়ক, বিপদজনক বাঁক, অতিরিক্ত গতি, ওভারটেকিং এবং দূরপাল্লার চালকদের এই সড়কের বাঁকগুলো সম্পর্কে অভিজ্ঞতার অভাব। 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে, সড়কটি দ্রুত প্রশস্ত না করলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। 

বিআরটিএ চট্টগ্রামের সহকারী পরিচালক উথুয়াইনু চৌধুরী জানিয়েছেন, লাল পতাকা স্থাপনের পাশাপাশি ঈদযাত্রাকে নিরাপদ করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।


  বিষয়:   পবিত্র  ঈদুল  ফিতর  চট্টগ্রাম  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: