মালদ্বীপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
মঙ্গলবার (১৭ মার্চ) পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
চিঠিতে প্রেসিডেন্ট মুইজ্জু গভীর দুঃখ প্রকাশ করে জানান, এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার এবং জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার এবং বিশেষ করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
মালদ্বীপবাসী এই দুর্ঘটনাকবলিতদের পাশে রয়েছে উল্লেখ করে তিনি অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যারা বর্তমানে চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট তার বার্তায় সে দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মূল্যবান অবদানের কথা গুরুত্বের সাথে স্মরণ করেন।
তিনি বলেন, এই দুর্ঘটনার ফলে সৃষ্ট ভয়াবহ ক্ষতি ও দুঃখের সমান অংশীদার মালদ্বীপ। এই মর্মান্তিক ঘটনার সঠিক কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিবিড়ভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু।
উল্লেখ্য, গত ১৩ মার্চ মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই সময় গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয় এবং আরও দুইজন বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।