চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা অবৈধভাবে মজুতের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদসাইল এসও এলাকায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডিপো আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা রয়েছে কি না তা জানতে চান। একইসঙ্গে জ্বালানি তেলের অবৈধ লেনদেন বন্ধে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে সতর্ক করেন তিনি।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা এস এম আসলাম জানান, প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে তিনি সেখানে যান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও প্রতিনিধিদের জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কোনো ধরনের অনিয়মে জড়িত না হওয়ার জন্য কড়া নির্দেশনা ও হুঁশিয়ারি প্রদান করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করেছেন।