চাঁদপুরের কচুয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে ছাই হয়ে গেছে। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।
বুধবার (১৮ মার্চ) ভোররাতে উপজেলার সাজিরপাড় এলাকায় কচুয়া-সাচার-গৌরীপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এবং মুহূর্তেই আগুনে জ্বলে ওঠে। এসময় চালক ও দুজন হেলপার বাস থেকে লাফিয়ে বের হতে পারায় প্রাণে রক্ষা পান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির সময় হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা সজীব হোসেন বলেন, বাসটি যাত্রীবিহীন অবস্থায় ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঈদকে সামনে রেখে যাত্রী আনার প্রস্তুতির সময়ই এই দুর্ঘটনা ঘটে।
কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, বাসটি প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদে পড়ে যাওয়ার পর তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।
তিনি আরও বলেন, চালকের বেপরোয়া গতি কিংবা ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।
এদিকে, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।