ঈদকে সামনে রেখে মুন্সীগঞ্জ সিরাজদিখানের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আজও ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। বাসের পাশাপাশি অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ ও ভ্যানে করে বাড়ি যাচ্ছেন। তবে প্রায় প্রতিটি গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের।
তবুও এখন পর্যন্ত বড় ধরনের যানজট ছাড়াই স্বস্তিতে চলছে ঈদযাত্রা।
বুধবার (১৮ মার্চ) সকাল থেকে সিরাজদিখানের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সকাল থেকে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। তবে ঢাকা-আব্দুল্লাহপুর, নিমতলা- শ্রীনগর-মাওয়াতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে।
জানা গেছে, এবার শিল্প কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হচ্ছে। ফলে আজ সকাল থেকেই পদ্মা সেতু পার হয়ে ঈদে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। সড়কে চাপও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে।
সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়ির সংখ্যা কিছুটা বাড়লেও তা সহনীয় পর্যায়ে রয়েছে। দীর্ঘ ছুটির কারণে মানুষ ধাপে ধাপে বাড়ি ফিরছে। ফলে একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে না, তাই এবার বড় ধরনের যানজটের আশঙ্কা নেই।
ঢাকা- মাওয়া হাইওয়ে পুলিশের মতে, গত দুই দিনে ৪০ শতাংশ গার্মেন্টস কারখানা ছুটি হয়েছে। বাকি কারখানাগুলো আজ ছুটি হবে। যানবাহনের চাপ আছে। তবে যানবাহনের চাপ থাকলেও গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। কোনো ধরনের যানজট দেখা যায়নি।
অপরদিকে যাত্রীদের অভিযোগ, বাসভাড়া দ্বিগুণ বেশি নেওয়া হচ্ছে।
এফআর
সময়ের আলো/জোই/এফআর