টুপি-আতর-জায়নামাজ সংগ্রহে ব্যস্ত ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদের মূল কেনাকাটা শেষে এখন মুসল্লিদের ভিড় জমেছে টুপি, আতর, জায়নামাজ ও তসবির দোকানে। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি আর পছন্দের

2026-03-18T21:13:05+00:00
2026-03-18T21:13:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
টুপি-আতর-জায়নামাজ সংগ্রহে ব্যস্ত ক্রেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:১৩ পিএম 
সংগৃহীত ছবি
ঈদের মূল কেনাকাটা শেষে এখন মুসল্লিদের ভিড় জমেছে টুপি, আতর, জায়নামাজ ও তসবির দোকানে। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি আর পছন্দের সুগন্ধি সংগ্রহে সরগরম রাজধানীর বায়তুল মোকাররমসহ ফুটপাতের দোকানগুলো। দেশি পণ্যের পাশাপাশি বিদেশি বাহারি টুপি ও আতরের বিপুল চাহিদায় শেষ মুহূর্তে তুঙ্গে উঠেছে এই অনুষঙ্গগুলোর বিক্রি।

​রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেট সংলগ্ন ফুটপাত এখন টুপি, আতর আর তসবির বিক্রিতে সরগরম। 

বিক্রেতারা জানান, রোজার শুরু থেকেই এসব পণ্যের চাহিদা থাকলেও গত এক সপ্তাহ ধরে সকাল থেকেই ক্রেতাদের ভিড় কয়েকগুণ বেড়েছে। বায়তুল মোকাররম মার্কেটের নিচতলায় দেশি টুপির পাশাপাশি মিলছে তুরস্ক, ব্রুনাই, সৌদি আরব ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বাহারি টুপি। মানভেদে দেশি টুপি ১০০ থেকে ১,০০০ টাকায় এবং উন্নত মানের বিদেশি টুপি ৫০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে স্বল্প আয়ের ক্রেতাদের জন্য ফুটপাতের দোকানগুলোতে ৫০ থেকে ১০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে পছন্দের টুপি।

​আবু সাঈদ নামের এক টুপি ব্যবসায়ী বলেন, শেষ সময়ে টুপির চাহিদা বেড়েছে। মানুষ টুপি কিনতে আসছেন। দু-চার দিন ধরে বেশ বিক্রি হচ্ছে। গতকাল এবং তার আগের দিন বেশি বিক্রি হয়েছে। আজ তার তুলনায় ক্রেতা কম, তবে একেবারে খারাপও না। 

ফার্মগেট এলাকার বাসিন্দা মোক্তার হোসেন নিজের ও দুই ছেলের জন্য টুপি কিনতে বায়তুল মোকাররমে এসেছেন। 

তিনি জানান, সব কেনাকাটা শেষ। এখন পাঞ্জাবির রঙের সঙ্গে মিলিয়ে নিজের ও ছেলেদের জন্য টুপি কিনতে এসেছেন, সঙ্গে কিছু আতরও নেবেন।

​বায়তুল মোকাররমে সৌদি আরব, ভারত ও আরব আমিরাত থেকে আমদানিকৃত নানা ঘ্রাণের দেশি-বিদেশি আতরের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। 

মানভেদে প্রতি তোলা সাধারণ আতর ১০০ থেকে ১,৫০০ টাকায় এবং বিশেষায়িত বিদেশি আতর ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 

ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে হাসনাহেনা, সিলভার, রজনীগন্ধা ও চকোলেট ম্যাক্স। 

এছাড়া সুলতান, রয়েল, অরেঞ্জ, জান্নাতুল ফেরদৌস ও লর্ডভিনিয়া ম্যানের মতো সুগন্ধিগুলোরও বেশ ভালো চাহিদা রয়েছে।

​বিক্রেতা মো. সজল মিয়া বলেন, এক তোলা আতর ১০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি করছি। আবার অনেক দামি বিদেশি আতরও আছে। বিভিন্ন ফুলের ঘ্রাণের আতর কিনতে মানুষ আসছে, বিক্রিও ভালো হচ্ছে। 

তৌহিদ মিয়া নামের এক ক্রেতা বলেন, ঈদের দিন সুগন্ধি লাগিয়ে বাসা থেকে নামাজে যেতে অন্যরকম ভালো লাগা কাজ করে। ৫০০ টাকার আতর কিনলাম, হাসনাহেনা ও রজনীগন্ধা ফ্লেভারের গন্ধটা বেশ ভালো।

​এ ছাড়া ঈদের অনুষঙ্গের মধ্যে জায়নামাজ ও তসবির কদর রয়েছে। 

বায়তুল মোকাররমে তুরস্ক, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, বেলজিয়ামসহ নানা দেশের পাশাপাশি দেশি কাপড়ের জায়নামাজ বিক্রি হচ্ছে। মানভেদে দেশি জায়নামাজ ১৫০-৫০০ টাকায় এবং বিদেশি জায়নামাজ ৫০০-১,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। 

এক তসবি বিক্রেতা বলেন, এবার ডিজিটাল তসবির বিক্রি ভালো। মানভেদে ৫০ থেকে ১২০ টাকায় ডিজিটাল তসবি পাওয়া যাচ্ছে। এটি যেকোনো জায়গায় সহজে বহন করা যায় বলে ক্রেতাদের আগ্রহ বেশি। সকাল থেকে প্রায় দেড় হাজার টাকার ডিজিটাল তসবি বিক্রি হয়েছে।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   ঈদ  মুসল্লি  টুপি  আতর  জায়নামাজ  তসবির 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: