বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে চুরির ঘটনা সত্য নয় বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি)।
বুধবার (১৮ মার্চ) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবু রাসেল স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ মার্চ দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলা পাড়া (পিটিআই সড়ক) এলাকায় আইজিপির বাড়ির মিটারের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে। পুলিশের বক্তব্য দিয়ে এই খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আইজিপির বাসভবনে কোনো চুরির ঘটনা ঘটেনি।
এদিকে মঙ্গলবার (১৭ মার্চ) দিনভর অভিযান চালিয়ে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, মো. রবিউল ইসলাম (২৮), আব্দুল কাদের (২৪) এবং মো. চঞ্চল শেখ (৩৮)। এদের বাড়ি বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায়।
বিজ্ঞপ্তিতে আরও জানান, যাচাই বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ঘটনার প্রকৃত বিবরণ হলো, ১৭ মার্চ রাত ১১টার দিকে ঝড় বৃষ্টির কারণে রাস্তার দিকে বাসার বাইরের ওয়াল সংলগ্ন বৈদ্যুতিক সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তার নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাই আইজিপির বাস ভবনে চুরি সংক্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।
সময়ের আলো/জোই