খুলনায় মাত্র ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে পাওনাদারের ইটের আঘাতে দেনাদার চা বিক্রেতা দীন মোহাম্মদকে (৫০) হত্যা করা হয়েছে। রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (১৮ মার্চ) নিহতের স্ত্রী থানায় মামলা করেছেন।
নিহত চা বিক্রেতা দীন মোহাম্মদ রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত কাশেম ঢালীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভবানীপুর বাজারে দীন মোহাম্মদের কাছে একই বাজারের কসাই খায়ের লস্করের ৪০০ টাকা পাওনা ছিল। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে মোহাম্মদের কাছে কসাই (মাংস বিক্রেতা) খায়ের লস্কর তার বকেয়া ৪০০ টাকা দাবি করে। চা দোকানদার ঈদের আগে টাকা পরিশোধ করবে এমনটি বললে দুইজনের মধ্যে কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত খায়ের লস্কর চা বিক্রেতা দীন মোহাম্মদের মাথায় ইট দিয়ে আঘাত করে। ইটের আঘাতে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, সকালে নিহতের স্ত্রী খায়ের লস্করকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর খায়ের পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
সময়ের আলো/জোই