নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার খানপুকুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টর চালক রাব্বি (২৫) ও ত্রিমোহণী এলাকার সরদার আলীর ছেলে হিমেল (২৫)। তিনি ওই ট্রাক্টরের হেলপার ছিলেন।
আহতের আরেক হেলপারের নাম আতিকুল (১৭)। তিনি চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে।
জানা যায়, রানীনগর থেকে ইটবোঝাই ট্রাক্টরে নিয়ে তারা আবাদ পুকুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে খানপুকুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক্টরে থাকা ড্রাইভার রাব্বি ও দুইজন হেলপার গুরুতর আঘাতপ্রাপ্ত হলে রানীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মোবাইল ফোনে বলেন, ঘটনা শুনেছি। খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই