আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঝটিকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
পরিদর্শনকালে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করে যাত্রীদের দুর্ভোগ বাড়ানো কোনোভাবেই বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাঙ্গামাটির স্থানীয় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি সরজমিনে যাচাই করতে এই আকস্মিক অভিযান চালান মন্ত্রী।
পরিদর্শন শেষে দীপেন দেওয়ান জানান, গত ১৫ মার্চ রাত ১১টা থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং এ সংক্রান্ত কঠোর মনিটরিং ব্যবস্থা সচল রয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে কোথাও জ্বালানির কোনো ঘাটতি নেই। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করেন, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কোনো যাত্রী বা পরিবহন চালক সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে হেল্পলাইন ১৬১০৭ কিংবা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর জন্য পরামর্শ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
যাত্রীসেবা নিশ্চিতকরণে মন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন, পুলিশ কন্ট্রোল রুম, র্যাব কন্ট্রোল রুম এবং ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক সক্রিয় রয়েছে। প্রতিটি টার্মিনালে নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে যাত্রীদের দ্রুত অভিযোগ করার আহ্বান জানান তিনি।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, মুনাফার লোভে সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়।
এফআর