পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটাতে গ্রামে ফিরছে মানুষ। ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার রাস্তাঘাট এবং অলিগলি ফাঁকা দেখা গেছে। সাধারণত ব্যস্ত প্রাণকেন্দ্রগুলোতে বিরল নীরবতা বিরাজ করছে। সড়কে কমেছে যানবাহনের উপস্থিতি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সরেজমিনে দেখা গেছে, রাজধানীর অভ্যন্তরীণ সড়কগুলো একেবারেই ফাঁকা। গণপরিবহণ চলাচলও কমে গেছে। সিএনজি অটো রিকশা ও রিকশার চলাচলও স্বাভাবিকের তুলনায় কম।
সড়কে ট্রাফিক জ্যাম নেই, ফলে নগরবাসী স্বস্তি অনুভব করছেন। বহু মানুষ ইতোমধ্যেই গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। স্কুল-কলেজ ও অফিস বন্ধ থাকায় শহরের জীবনধারাও স্বাভাবিকের তুলনায় অনেকটা স্তিমিত। তবে শহরের বিভিন্ন বাজার ও শপিং মলের রাস্তায় কিছুটা যানজট লক্ষ্য করা গেছে।
রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, ফার্মগেট, শাহবাগ, ধানমণ্ডি, মিরপুর, সায়দাবাদ, উত্তরা ও বনশ্রীসহ বিভিন্ন সড়কে গণপরিবহণ কম দেখা যায়। তবে অটোরিকশা ও সিএনজির চলাচল কিছুটা চলছে। আবাসিক এলাকাগুলোতেও লোকসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
মগবাজার এলাকার বাসিন্দা হাসান আজিজ বলেন, ঈদ উপলক্ষে লোকজন লম্বা ছুটি পেয়েছেন। তাই অন্যান্য বছরের তুলনায় ঢাকায় কম মানুষ রয়েছেন। অন্যান্য ঈদে লোকজন শহরে থাকতো, এবার একেবারেই কম। ছুটি বেশি হওয়ায় সবাই গ্রামে চলে গেছেন।
তবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল, রেলস্টেশন এবং লঞ্চঘাটগুলোতে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীরা শেষ মুহূর্তে বাড়ি ফেরার জন্য বিভিন্ন পরিবহনে ভিড় করছেন।
সময়ের আলো/আআ