দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নসিমনের ধাক্কায় ফিরোজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের শওগুনখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম শওগুনখোলা গ্রামের বাসিন্দা ও মৃত আমের আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পার হওয়ার সময় দ্রুতগামী একটি নসিমন ফিরোজা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ফিরোজা বেগমকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে নসিমনটি আটক এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।
এফআর