ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া (৪৫) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া কায়সার নগর বাসস্ট্যান্ড এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটক বাছির মিয়া উপজেলার বেংগাডোবা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে নোয়াপাড়া কায়সার নগর বাসস্ট্যান্ডে সিলেটগামী একটি মাইক্রোবাসে কয়েকজন যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাছির মিয়া চালকের কাছে টাকা দাবি করেন। এ সময় চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকেসহ যাত্রীদের মারধর করে বাছির মিয়া।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরবর্তীতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে কায়সার নগর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাছির মিয়াকে আটক করে। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সময়ের আলোকে জানান, আটক বাছির মিয়াকে দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাকে প্রধান আসামি করে একটি চাঁদাবাজি মামলার প্রস্তুতি চলছে।
এফআর