আগাম বুকিংয়ে ভরপুর বান্দরবান, ঈদে পর্যটকের চাপ কয়েকগুণ

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি টানা ছুটি ঘিরে পর্যটন নগরী বান্দরবানে হোটেল ও রিসোর্টে আগাম বুকিংয়ের হিড়িক পড়েছে। বিশেষ করে

2026-03-20T15:29:40+00:00
2026-03-20T15:29:40+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
আগাম বুকিংয়ে ভরপুর বান্দরবান, ঈদে পর্যটকের চাপ কয়েকগুণ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৩:২৯ পিএম 
পাহাড় কন্যা খ্যাত বান্দরবান। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি টানা ছুটি ঘিরে পর্যটন নগরী বান্দরবানে হোটেল ও রিসোর্টে আগাম বুকিংয়ের হিড়িক পড়েছে। বিশেষ করে ২৩ ও ২৪ মার্চ জেলার অধিকাংশ হোটেল-মোটেল ও রিসোর্টের ৯০ থেকে ১০০ শতাংশ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও হোটেল-মোটেল-রিসোর্ট মালিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তারা জানান, সারা বছরই প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে পাহাড় কন্যা খ্যাত বান্দরবান আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে শীত মৌসুম, বিশেষ ছুটি এবং ঈদকে ঘিরে পর্যটকের চাপ কয়েকগুণ বেড়ে যায়।

গত কয়েক বছর বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে পর্যটক সমাগম কম থাকলেও বর্তমানে কোনো বিধিনিষেধ না থাকায় পর্যটকের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। ফলে ঈদকে সামনে রেখে পর্যটকরা আগেভাগেই আবাসন নিশ্চিত করতে হোটেল ও রিসোর্ট বুকিং দিচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, ২১ ও ২২ মার্চের জন্য ইতোমধ্যে ৪০ থেকে ৬০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। আর বাকি দিনগুলোতেও দ্রুত শতভাগ বুকিং হয়ে যাবে বলে আশা করছেন তারা। হোটেল গার্ডেন সিটির ম্যানেজার মো. জহীরুল ইসলাম আদনান জানান, ২১-২২ মার্চ প্রায় ৫০ শতাংশ এবং ২৩-২৪ মার্চের জন্য ইতোমধ্যে শতভাগ রুম বুকিং হয়ে গেছে।

অন্যদিকে, হোটেল হিল ভিউর ম্যানেজার তামজিদুল হায়দার বলেন, ২১-২২ মার্চ ৬০ শতাংশ এবং ২৩-২৪ মার্চ প্রায় ৯০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে।


হোটেল গ্র্যান্ড ভ্যালি ও স্কাই ব্লুর ব্যবস্থাপকরা জানান, তাদের হোটেলেও ২৩ ও ২৪ মার্চের জন্য প্রায় ৯০ শতাংশ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে।

লামা রিসোর্ট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন রফিক বলেন, আমাদের ৫২টি রিসোর্টের মধ্যে ভালো মানের বেশিরভাগ রিসোর্টই ঈদের ছুটি উপলক্ষে আগাম বুকিং হয়ে গেছে।

বান্দরবান হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন জানান, টানা ছুটির কারণে পর্যটকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে ২৩-২৪ মার্চ জেলার অধিকাংশ আবাসিক হোটেল, কটেজ ও রিসোর্টের ৯০ থেকে ১০০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশও প্রস্তুত রয়েছে। টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানান, নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি থাকবে, যাতে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন।

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, পর্যটন সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের নিয়ে ইতোমধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত ভাড়া না নেওয়া, খাবারের মান বজায় রাখা এবং আবাসন খরচ সহনীয় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। আশা করছি, ঈদের ছুটিতে বান্দরবানে আগত পর্যটকরা নিরাপদ ও আনন্দঘন ভ্রমণ উপভোগ করতে পারবেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   বুকিং  বান্দরবান  ঈদ  পর্যটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: