আজ পবিত্র ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সিয়াম সাধনা মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র রমজান মাস। আনন্দ, উৎসব আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে দেশে আজ শনিবার (২১ মার্চ)

2026-03-21T00:05:22+00:00
2026-03-21T00:05:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আজ পবিত্র ঈদুল ফিতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১২:০৫ এএম 
প্রতীকী ছবি
সিয়াম সাধনা মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র রমজান মাস। আনন্দ, উৎসব আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে দেশে আজ শনিবার (২১ মার্চ) উদযাপিত হবে মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

এদিন সকাল থেকেই রাজধানীসহ সারা দেশের ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া, ঢাকার জাতীয় ঈদগাহ এবং বায়তুল মোকাররমসহ প্রধান প্রধান ঈদগাহগুলোতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নজরদারি জোরদার করেছেন। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই আজ মেতে উঠবে ঈদের অনাবিল আনন্দে।

জানা গেছে, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত সকাল ৮টায়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামায়াত সকাল ৮টায়
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতর এর জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লিরা এই জামায়াতে অংশ নেবেন। এই ঈদ জামায়াত সবার জন্য উন্মুক্ত থাকবে। 

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত হবে দুইটি
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদ-উল-ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

ঢাকার বাইরে ঈদের বড় জামাত কখন
রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রাম নগরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। এখানে প্রথম জামাত শুরু হবে সকাল আটটায়। দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে নয়টায়। 

এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ঈদের বড় জামায়াত অনুষ্ঠিত হবে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে। সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। 

ঈদুল ফিতরের বড় জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানও। এবার সেখানে ১৯৯তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের জন্য এ বছর পাঁচ স্তরের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের দিন সকাল ১০টায় ঐতিহ্য ও রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে পরপর তিনবার বন্দুকের ফাঁকা গুলি ছোড়া হবে। এরপর ময়দানে শুরু হবে ঈদুল ফিতরের জামাত।

শোলাকিয়া ঈদগাহ মাঠে আগত মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ লাইনে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।

এর আগে, গতকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আলাদা আলাদা বাণীতে তারা দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান।


এফআর


  বিষয়:   আজ  পবিত্র  ঈদুল ফিতর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: