মেঘাচ্ছন্ন আকাশ ও গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন রাজধানীবাসী। প্রতিবারের মতো এবারের ঈদেও দর্শনার্থীর ভিড় দেখা গেছে জনপ্রিয় এই বিনোদনকেন্দ্রে।
শনিবার (২১ মার্চ) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের ভিড়। নানা প্রজাতির তিন হাজারেরও বেশি পশুপাখির এই রাজ্যে ছোট-বড় সব বয়সি মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দর্শনার্থীরা জানান, আবহাওয়া ঠান্ডা থাকায় চিড়িয়াখানা ঘুরে ভালাও লাগছে তাদের। বাঘ, ভালুক, হরিণ, সিংহ দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। চিড়িয়াখানায় ঢুকতেই হরিণ, বানর, পেলিক্যান পাখির খাঁচা। এসব খাঁচায় শিশুদের আগ্রহটা একটু বেশি দেখা যায়। বাঘ, সিংহ, জিরাফ, ময়ূরের খাঁচার সামনে শিশুসহ সব বয়সী মানুষের উচ্ছ্বাস দেখা যায়।
এসময় দর্শনার্থীদের অনেককে ছবি তুলতে ও ভিডিও করতে দেখা যায়। কেউ আবার লেকের ধারে গাছের ছায়ায় নিরিবিলি বসেছিলেন। কেউ বাসা থেকে আনা খাবার খাচ্ছেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, শিশুসহ সব বয়সী দর্শনার্থীর নিরাপত্তায় চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে, যেন কেউ হয়রানির শিকার না হন। ঈদের দিন কয়েক লাখ দর্শনার্থী সমাগম প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। আগামী রোববার ও সোমবার এই সংখ্যা আরও বাড়বে বলে তাদের ধারণা।
সময়ের আলো/আআ