নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও প্রাইভেটকার চালক দুজন নিহত হয়েছেন। এ সময় দুইজন মোটরসাইকেল আরোহী আহত হন।
রোববার (২২ মার্চ) সকালে ও শনিবার রাতে নাটোর সদর এবং বড়াইগ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার গড়মাটিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক জুলফিকার আলী নিহত হন।
এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। নিহত জুলফিকার পাবনা ঈশ্বরদীর নওদাপাড়া এলাকার আনছার হকের ছেলে।
নাটোর বনপাড়া ফাইয়ার সার্ভিসের রিডার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কারের ভিতর থেকে চালককে মৃত্য অবস্থায় উদ্ধার করে।
অপরদিকে শনিবার (২১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে নাটোর সদরের একডালা শান্তি ফিলিং স্টেশনের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান আল মাহমুদ (২৬) নিহত এবং অপর দুইজন রাব্বি তার বন্ধু আহত হন।
নিহত হাসান আল মাহমুদ নাটোর সদর উপজেলার নারানপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান জানান, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান আল মাহমুদ, রাব্বী সহ ৩ জন আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন। পরে রাব্বীসহ দুইজনকে উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
সময়ের আলো/জোই