সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস এ তথ্য জানিয়েছেন।
শনিবার (২১ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘শুক্রবার রাতে পূর্ব দারফুর রাজ্যের রাজধানী আল ডেইনের আল ডেইন টিচিং হাসপাতালে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন রোগী, দুই নারী নার্স এবং এক পুরুষ চিকিৎসক আছেন।’
তিনি আরও বলেন, ‘এই হামলায় ৮ জন স্বাস্থ্যকর্মীসহ আরও ৮৯ জন আহত হয়েছেন।’
হামলায় হাসপাতালটির শিশু বিভাগ, প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে হাসপাতালটি অকেজো হয়ে পড়েছে এবং শহরটিতে জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।
টেড্রোস বলেন, ‘এই ট্র্যাজেডির কারণে সুদানের যুদ্ধে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় মোট নিহতের সংখ্যা এখন ২ হাজার ছাড়িয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে প্রায় তিন বছর ধরে চলা এই সংঘর্ষে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২১৩টি হামলায় ২ হাজার ৩৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’
তবে এই হামলার নেপথ্যে কারা ছিল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচও