সুনামগঞ্জে ঈদের আনন্দে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সাফিকুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার দুই বন্ধু আহত হন।
রোববার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাফিকুল শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের বাসিন্দা। তিনি শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে।
জানা যায়, সাফিকুল তার দুই বন্ধুকে নিয়ে শান্তিগঞ্জের নিজ গ্রাম থেকে মোটরসাইকেল করে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাওয়ার জন্য রওনা দেন। পথে গাগলী এলাকায় এসে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিন বন্ধুই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা দুই বন্ধুর মধ্যে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং গুলজার আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.অলি উল্যাহ বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এফআর