প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম (ভিজিট : ১২৮)
ঈদের চতুর্থ দিনে মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়। ছবি : সময়ের আলো
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। মঙ্গলবার (২৪ মঙ্গলবার) ঈদের চতুর্থ দিন দুপুর ১২টা চিড়িয়াখানায় এ চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা যায়, ঢাকা ও এর আশপাশের জেলা থেকে হাজারো মানুষ চিড়িয়াখানায় আসছেন। চিড়িয়াখানার ফটকে দর্শনার্থীদের চাপ রয়েছে। বেশির ভাগই শিশুসন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছেন। টিকিট কাউন্টারের সামনে নারী, পুরুষ ও শিশুদের দীর্ঘ লাইন অপেক্ষা করতে দেখা যায়।
অনেকেই পরিবার নিয়ে ঈদের দিনগুলোতে ঘুরতে বের হয়ে চিড়িয়াখানাকে বেছে নিয়েছেন। চিড়িয়াখানার সামনে সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস ও সিএনজির অতিরিক্ত চাপের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বাঘ, সিংহ, জিরাফ, ভালুক, হরিণ, জলহস্তী, গন্ডার দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন, লম্বা ছুটিতে এবার ঈদ উদযাপন হচ্ছে মন খুলে। শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই ছবি তুলেছেন, ভিডিও করেছেন এবং পরিবারের সঙ্গে সময় উপভোগ করেছেন।
ঈদের ছুটিতে চিড়িয়াখানা যেন পরিণত হয়েছে শিশুদের আনন্দমেলায়। ছবি : সময়ের আলো
ঈদের ছুটিতে চিড়িয়াখানা যেন পরিণত হয়েছে শিশুদের আনন্দমেলায়। চারদিকে শুধু শিশুদের হাসি, কোলাহল আর উচ্ছ্বাস। কোথাও বাবার কাঁধে বসে বাঘ দেখছে ছোট্ট শিশু, কোথাও মায়ের হাত ধরে দৌড়ে যাচ্ছে বানরের খাঁচার সামনে, আবার কোথাও পুরো পরিবার মিলে ছবি তুলছে স্মৃতি ধরে রাখতে।
চিড়িয়াখানার ভেতরে ঢুকলেই দেখা যায়, অনেক বাবা তাদের সন্তানকে কাঁধে তুলে নিয়ে প্রাণী দেখাচ্ছেন, যাতে ভিড়ের মধ্যেও শিশুরা সহজে দেখতে পারে। বাবার কাঁধে বসে দূর থেকে জিরাফ দেখিয়ে দিচ্ছেন, ‘ওই দেখ জিরাফ’, আর শিশুর বিস্ময়ভরা চোখে তাকিয়ে থাকা, এ যেন এক অন্যরকম আনন্দের দৃশ্য।
ঈদের ছুটিতে চিড়িয়াখানা যেন পরিণত হয়েছে শিশুদের আনন্দমেলায়। ছবি : সময়ের আলো
বাঘের খাঁচার সামনে সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। সেখানে বাবার কাঁধে বসে এক শিশু চিৎকার করে বলছিল, ‘বাবা, বাঘ নড়ছে!’ পাশে দাঁড়িয়ে থাকা মানুষজনও শিশুটির আনন্দ দেখে হাসছিলেন। হাতির সামনে গিয়েও শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। হাতি যখন নড়াচড়া করছিল, তখন অনেক শিশুকে হাততালি দিতে দেখা যায়।
অফিস-আদালত খুললেও এখনো ঈদের আমেজ রয়ে গেছে। তাই পরিবার নিয়ে অনেকে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন। জহিরুল ইসলাম নামে একজন জানান, ঈদের দ্বিতীয় দিন গাজীপুরের একটি পার্কে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন। আজ চিড়িয়াখানায় এসেছেন।
ঈদের ছুটিতে চিড়িয়াখানা যেন পরিণত হয়েছে শিশুদের আনন্দমেলায়। ছবি : সময়ের আলো
গাজীপুর থেকে আসা সৈয়দ মিয়া জানান, রাজধানীর মিরপুরে আত্মীয়ের বাসায় আসেন গতকাল (সোমবার)। এবারের ঈদে কোনো বিনোদনকেন্দ্রে ঘুরতে যাননি। তাই আজ সবাইকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এলেন।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ আতিকুর রহমান জানান, ঈদ উপলক্ষ্যে দর্শনার্থীদের বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন।