সাবেক সেনা কর্মকর্তা মাসুদের নামে ১১ মামলা, দুদকে একাধিক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নামে ১১ মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের

2026-03-24T17:30:13+00:00
2026-03-24T17:30:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ডিবি প্রধান
সাবেক সেনা কর্মকর্তা মাসুদের নামে ১১ মামলা, দুদকে একাধিক অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম 
সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত
এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নামে ১১ মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবিপ্রধান। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্ত করছে।

ডিবিপ্রধান জানান, মামলাগুলোর মধ্যে ফেনীতে ছয়টি ও ঢাকা মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে রয়েছে পাঁচটি। এর মধ্যে মধ্যে ফেনীর তিনটি মামলা বিচারাধীন। এসব মামলায় তিনি পলাতক থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। ফেনী এলাকার বাকি ৩ মামলা এবং ডিএমপির ৫টি মামলার তদন্ত চলছে।

তিনি জানান, গ্রেফতারকৃত মাসুদের বিরুদ্ধে ডিএমপির বনানী, পল্টন, কোতোয়ালী, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যা চেষ্টা, মানবপাচার প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধে মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পল্টন থানার মামলাটি মানবপাচার মামলা। উনি ওই মামলার তিন নম্বর এজাহরভুক্ত আসামি। এই মামলায় মোট ১০১ জন আসামি রয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানী ঢাকার বারিধারা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইএস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। এই কমিটির অধীনেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।


২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসরের পর তিনি ঢাকায় রেস্তোঁরাসহ একাধিক ব্যবসায় যুক্ত হন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নেন। আওয়ামী লীগ মনোনয়ন না দেওয়ায় ফরম নেওয়ার পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির মনোনয়ন ফরম কেনেন। এর পরের দিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন এবং ওই নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   এক-এগারো  মাসুদ উদ্দিন চৌধুরী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: