মার্কিন চুক্তি বাস্তবায়নের আগে সংসদে তা নিয়ে আলোচনা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে।
মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত আনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। এই মাসের মধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। আপনারা দেখেছেন, আমার সঙ্গে ফরেন মিনিস্টারের মিটিং হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে এলিগেশনগুলো আছে বা তার সাজা হয়েছে, আরও যারা ভারতে পালিয়ে আছে, তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি। এ বিষয়ে কিছু কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলমান আছে। তারা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) আমাদের আপডেট দেওয়ার পর তাদের (ভারতের) সঙ্গে কথা বলব। আর কনস্যুলার অ্যাক্সেস নিয়েও আলোচনা চলছে। আমরা আশা করি শিগগিরই তা পেয়ে যাব।
কনস্যুলার অ্যাক্সেস পেতে এত দেরি হচ্ছে কেন এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, এটি ভারত বলতে পারবে। আমরা তো পুশ করছি। হাদি হত্যার আসামি যদি ভারতে গ্রেফতার হয়ে থাকে, তাদের ফিরিয়ে এনে সাজা দেওয়াটা আমাদের অগ্রাধিকার। সেটির বিচার আমরা নিশ্চিত করব।
মার্কিন যুক্তরাষ্ট্র ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রতিটি চুক্তিই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন করা হবে। এসব চুক্তি নিয়ে জাতীয় সংসদ ও সংসদের বাইরেও আলোচনা হবে।
মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধাবস্থা চলছে, যার বড় একটি বিশাল অংশীজন যুক্তরাষ্ট্র। আর একদিকে হলো চুক্তিটা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে। শুধু এই চুক্তি নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আরও অনেক চুক্তিই আছে। এসব চুক্তিই বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করে থাকে। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রতিটি চুক্তিই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব। এসব চুক্তি নিয়ে সংসদ ও সংসদের বাইরেও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গেও যদি আলোচনা করার প্রয়োজন হয় তবে সেটিও হবে।
সময়ের আলো/আরবিএন