কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান ও ভেতরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২৫ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত ওই বাজারের একটি লেপ-তোষকের দোকানসহ আশপাশের দোকানগুলোতে আগুন দেখে বাজারের পাহারাদার চিৎকার শুরু করেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে একটি লেপ-তোষকের দোকান, একটি স্বর্ণের দোকান, একটি কসমেটিকসের দোকান, একটি সেলুন ও একটি ওষুধের দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে সংবাদ পেয়ে কটিয়াদী ও নিকলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রুস্তম আলী জানান, সংবাদ পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান এবং নিকলী থেকে আসা আরও একটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৯ লক্ষ টাকা বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে স্থানীয়দের ধারণা, গত রাতের বৃষ্টি ও বাতাসের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা পাশের কোনো মিষ্টির দোকানের চুলার আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে।
সময়ের আলো/আরবিএন