চট্টগ্রামের মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন হত্যা মামলায় আসামি ড্রাম ট্রাকচালক খলিল হাওলাদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৫ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন হীমা এই আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১২ মার্চ ঘটনাস্থল থেকে খলিল হাওলাদারকে আটক করা হয় এবং পরদিন ৫৪ ধারায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল। গতকাল মঙ্গলবার তাকে এই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়।
জানা গেছে, গত ১২ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে (বিশেষ অর্থনৈতিক অঞ্চল) একটি ড্রাম ট্রাকের চাপায় কামাল উদ্দিনের গাড়ি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি নিহত হন। ঘটনার পর থেকে তার পরিবার এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করে আসছে। গত ১৪ মার্চ নিহতের ছেলে মো. আরাফাতুল ইসলাম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা মো. ফয়সাল, রবিউল ইসলাম সাইফুল, ব্যবসায়ী মো. বাদশা ও ড্রামট্রাক চালক খলিল হাওলাদার।
মামলার বাদী আরাফাতুল ইসলাম অভিযোগ করেন, তার বাবা কামাল উদ্দিন রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে ব্যবসা করতেন। ১ নম্বর আসামি শওকত আকবর সোহাগের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল এবং তিনি বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। এছাড়া ২ নম্বর আসামি সাইফুল ইসলামের কাছে পাওনা ৫০ লাখ টাকা নিয়ে বিরোধ তৈরি হয়েছিল।
বাদীর দাবি, ১ ও ২ নম্বর আসামি অন্যদের সহযোগিতায় পরিকল্পিতভাবে ড্রাম ট্রাক দিয়ে চাপা দিয়ে তার বাবাকে হত্যা করেছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, আদালত মামলার ৬ নম্বর আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি সাধারণ দুর্ঘটনা।
এফআর