সিআইডির নতুন প্রধান মোসলেহ্ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বুধবার (২৫ মার্চ) ঢাকার সিআইডি সদর দপ্তরে বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে

2026-03-25T22:11:56+00:00
2026-03-25T22:11:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সিআইডির নতুন প্রধান মোসলেহ্ উদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:১১ পিএম 
সিআইডির নতুন প্রধান মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি : সময়ের আলো
বুধবার (২৫ মার্চ) ঢাকার সিআইডি সদর দপ্তরে বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই অনুষ্ঠানে বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করা মোসলেহ্ উদ্দিন আহমদ তার কর্মজীবনে পেশাদারিত্ব, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন। সিআইডি প্রধান হিসেবে যোগদানের আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করে মাঠপর্যায়ে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেন। 

আন্তর্জাতিক পর্যায়েও তিনি কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন; জাতিসংঘের African Union-United Nations Hybrid Operation in Darfur (UNAMID)-এ পুলিশ অফিসার (P-4) হিসেবে তার অভিজ্ঞতা বিশেষভাবে উল্লেখযোগ্য।

শিক্ষাগত জীবনে তিনি অপারেশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে EMBA এবং Applied Criminology and Police Management বিষয়ে MACPM ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করে আধুনিক ও সময়োপযোগী নেতৃত্বের সক্ষমতা অর্জন করেছেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি সিআইডিকে আরও গতিশীল, পেশাদার ও জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সিআইডির অর্জিত সুনাম ও ব্র্যান্ডিং ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করা জরুরি; এককভাবে কোনো প্রধান বা ব্যবস্থাপক সফল হতে পারেন না প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রকৃত সহযোগিতা বলেও তিনি উল্লেখ করেন।

তিনি সততার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, শুধু আর্থিক ক্ষেত্রেই নয়, প্রতিটি কাজে সর্বোচ্চ সততা বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং যথাযথ কারণ ছাড়া দায়িত্বস্থল ত্যাগ না করার নির্দেশনাও দেন তিনি।

সদস্যদের উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দক্ষতার ঘাটতি থাকলে তা পূরণের জন্য সিআইডিতে পর্যাপ্ত প্রশিক্ষণ ও আধুনিক টুলস রয়েছে। তবে এরপরও কেউ দায়িত্ব পালনে অনাগ্রহী থাকলে তার জন্য সিআইডিতে স্থান নেই বলেও সতর্ক করেন তিনি। কর্মদক্ষতা সন্তোষজনক না হলে সিআইডি ও বাংলাদেশ পুলিশের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

একই সঙ্গে তিনি সিআইডিকে সাধারণ মানুষের কাছে একটি “এপেক্স ইনভেস্টিগেশন ইউনিট” হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন, যাতে সংস্থাটির নাম শুনলেই জনগণের মনে আস্থা ও বিশ্বাস জন্মায়।

নবাগত প্রধান তার বক্তব্যে বিদায়ী সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা-এর কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার নেতৃত্বে অর্জিত অগ্রগতি ও ব্র্যান্ডিং ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

তিনি উল্লেখ করেন, বিদায়ী প্রধান বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করবেন এবং সেখান থেকেও সিআইডির কার্যক্রমে দিকনির্দেশনা ও সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি তিনি বিদায়ী প্রধানের গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে অসমাপ্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।

বিদায়ী সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ তার বক্তব্যে জানান, তিনি মোট ৩১৩ দিন দায়িত্ব পালন করেছেন এবং এই সময়ে একটি দক্ষ, সমন্বিত ও প্রতিশ্রুতিশীল টিম গড়ে তোলাই ছিল তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, সিআইডি কেবল একটি সংস্থা নয়, বরং একটি পরিবার যেখানে সকল সদস্যের আন্তরিকতা ও পেশাদারিত্ব দলগতভাবে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, সিআইডিকে বাংলাদেশ পুলিশের সবচেয়ে শক্তিশালী তদন্ত সংস্থা হিসেবে বিশ্বাস করেই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং দায়িত্ব শেষে সন্তুষ্টি প্রকাশ করেন যে সম্মিলিত প্রচেষ্টায় কার্যক্রমে গুণগত পরিবর্তন আনা সম্ভব হয়েছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে মানিলন্ডারিং ও ফাইন্যান্সিয়াল ক্রাইমের জটিল ও সংবেদনশীল মামলাগুলো সফলভাবে মোকাবিলা করে একটি সুসংগঠিত অবস্থানে আনা হয়েছে।

তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের সময় প্রায় ৬০০টি মামলা পেন্ডিং থাকলেও তা কমিয়ে প্রায় ৫০-এ নামিয়ে আনা হয়েছে। তদন্ত কার্যক্রমে ক্রাইম সিন প্রটেকশন ও প্রাথমিক পর্যায়ে ফিজিক্যাল এভিডেন্স সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ক্রাইম সিন সুরক্ষা তদন্তের মূল ভিত্তি। পাশাপাশি সিআইডির ফরেনসিক টিমের যথাযথ ব্যবহার নিশ্চিত করে এভিডেন্স-ভিত্তিক তদন্ত জোরদারের আহ্বান জানান, যাতে তদন্ত আরও নির্ভুল ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়।

তার দায়িত্বকালে গৃহীত উন্নয়নমূলক উদ্যোগগুলোর মধ্যে রয়েছে সিআইডিতে মেডিকেল সেন্টার স্থাপন, আধুনিক তদন্ত সহায়ক টুলস ও সফটওয়্যার সংযোজন এবং তদন্ত প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর ও গতিশীল করার উদ্যোগ। 

তিনি জানান, ফরেনসিক ও এভিডেন্স-ভিত্তিক তদন্ত জোরদারে ৬টি রিজিওনাল ফরেনসিক ল্যাব স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মেট্রোপলিটনসহ ৬৪ জেলায় মোট ৭৪টি ক্রাইম সিন ইউনিট স্থাপনের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।

এছাড়া একটি “ওয়ান স্টপ কল সেন্টার” চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে অভিযোগ গ্রহণ থেকে সমাধান পর্যন্ত সমন্বিত সেবা প্রদান সম্ভব হবে। DDO-ship বাস্তবায়নের উদ্যোগের কথাও উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এটি দ্রুত বাস্তবায়িত হবে।

বিদায়ী প্রধান নবাগত প্রধানকে এসব উদ্যোগ এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং সিআইডিকে আরও প্রযুক্তিনির্ভর ও টেকনিক্যালি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর দেন। 

তিনি কর্মকর্তাদের ‘আউট অব দ্য বক্স’ চিন্তাভাবনার পরামর্শ দেন এবং জানান, তার সময়ে প্রায় ৩০ জন কর্মকর্তাকে দক্ষিণ কোরিয়ায় মোবাইল ফাইন্যান্সিয়াল ক্রাইম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে আরও প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে আশা প্রকাশ করেন।

পরিশেষে তিনি নবাগত প্রধানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে সিআইডি আরও এগিয়ে যাবে। একই সঙ্গে সকল সদস্যকে নতুন নেতৃত্বকে সহযোগিতা করার আহ্বান জানান এবং পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালনকালে সিআইডির উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।


  বিষয়:   সিআইডি  আইজিপি  মোসলেহ্  উদ্দিন  আহমদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: