নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের দুইটি প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর দুইটার দিকে এক বিজ্ঞপ্তিতে সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেন পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, ২৫ মার্চ রাতে উপজেলার আগ্রাদ্বীগুন বিওপির সীমান্ত পিলার ২৫৮ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর এলাকায় মূর্তিগুলো ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি চলছিল।
পরে তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ১টি বিষ্ণু মূর্তির ওজন ৩৭ পয়েন্ট ৯৭০ কেজি, অন্য কষ্টি পাথরের (পায়ের অংশ) ওজন ১৪ পয়েন্ট ৯২০ কেজি বলেও জানান তিনি।
তিনি বলেন, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিগুলো ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও জানান, এবিষয়ে পত্নীতলা জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার এবং পাহাড়পুর মিউজিয়ামের কাস্টোডিয়ান পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন, উদ্ধার করা মূর্তিগুলো ১১-১২ শতকের উচ্চমানের কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তি।