আইনি বাধায় আটকা সাকিব-মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক

খেলা

আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ক্রিকেটের দুই বড় নাম— সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা।একজনের জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা,

2026-03-27T04:34:59+00:00
2026-03-27T04:34:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
আইনি বাধায় আটকা সাকিব-মাশরাফী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৪:৩৪ এএম 
সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। সংগৃহীত ছবি
আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ক্রিকেটের দুই বড় নাম— সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। 

একজনের জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা, আরেকজনের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে জল্পনা। দুজনকে ঘিরেই নতুন করে সরব হয়েছে ক্রিকেটাঙ্গন। পাকিস্তান সিরিজের পর যখন দল নিজেদের ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই এই দুই তারকার অবস্থান নিয়ে চলছে নানা আলোচনা, যা বাড়তি মাত্রা যোগ করেছে ক্রিকেটের ভেতরের গল্পে।

সপ্তাহখানেক আগে শেষ হওয়া পাকিস্তান সিরিজকে ঘিরে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাবর্তন হয়নি। মূলত তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় এখনও দেশে ফেরেননি এই বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শেষ হলেও তার ফেরা নিয়ে দোলাচল কাটেনি। এমনকি এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজে সাকিব ফিরবেন বলেও জোর গুঞ্জন রয়েছে।

এ প্রসঙ্গে মুখ খুলেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে সাকিবের ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব একটা ব্র্যান্ড। আমার মনে হয় এখনও সে যে অবস্থায় আছে, একটু ঝালাই করলেই সে বাংলাদেশের হয়ে খেলতে পারবে। সাকিবের ব্যাপারটা আমাদের বোর্ড থেকে ইতিমধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছি। তার আইনি যে ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়ে সরকারের সঙ্গে বসতে হবে। আইনিভাবে লড়াই করেই তাকে আসতে হবে।’

অর্থাৎ বোর্ডের দৃষ্টিতে সাকিবের ফেরার পথ পুরোপুরি বন্ধ নয়, তবে সেটি নির্ভর করছে তার আইনি জটিলতা সমাধানের ওপর। বিষয়টি এখন শুধুই ক্রিকেটীয় নয়, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার সঙ্গেও জড়িত।

অন্যদিকে বাংলাদেশের সফলতম অধিনায়কদের একজন মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। খেলোয়াড়ি জীবনেই রাজনীতিতে যুক্ত হওয়া মাশরাফী পরবর্তীতে সংসদ সদস্য হন। তবে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই অনেকটা আড়ালে রয়েছেন তিনি।

একসময় বিসিবির শীর্ষ পদে তাকে আনার আলোচনা থাকলেও বর্তমানে সে প্রসঙ্গ তেমন শোনা যায় না। এ বিষয়ে জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, ‘মাশরাফীর ব্যাপারটা তো আমি জানি না। ওর আইনগত কোনো জটিলতা আছে কি না আমার জানা নেই। মাশরাফী অধিনায়ক হিসেবে কী করেছে বাংলাদেশের জন্য! আমার সম্পর্কে অনেক কথা বলবেন, এটা বললেও কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন থেকে বাদ দিতে পারবেন না। কারণ এটা হয়ে গেছে।’

মাশরাফীকে নিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে মাশরাফীর যে অবদান ছিল, এটা লেখা থাকবে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট আজকে যে অবস্থানে বা ওর সময়ে যে জায়গায় আমরা দাঁড়িয়ে ছিলাম, পুরো দলটাকে একত্র করায় তার বিরাট ভূমিকা ছিল। এসব বিবেচনায় তার যদি অন্য কোনো সমস্যা না থাকে, বোর্ডে আসতে পারলে আসবে। আমি আসলে এটার দায়িত্বে না।’

সব মিলিয়ে সাকিব আল হাসানের সম্ভাব্য প্রত্যাবর্তন এবং মাশরাফী বিন মোর্ত্তজার ভবিষ্যৎ ভূমিকা— দুটি বিষয়ই এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের ক্রিকেটে এই দুই নামের প্রভাব এখনও এতটাই গভীর যে, মাঠের বাইরে থেকেও তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন।

এফআর


  বিষয়:   আইনি  বাধা  আটকা  সাকিব আল হাসান  মাশরাফী 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: