দর্শক মাতাচ্ছে পাঁচ ধাঁচের পাঁচটি গল্প

মাসুদুর রহমান

আনন্দ সময়

ঈদ আনন্দ আরও একটু বাড়িয়ে দিতে প্রতিবারই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন সিনেমা। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। ঈদুল ফিতরে আলোর মুখ

2026-03-27T04:51:17+00:00
2026-03-27T04:51:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
দর্শক মাতাচ্ছে পাঁচ ধাঁচের পাঁচটি গল্প
মাসুদুর রহমান
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৪:৫১ এএম 
প্রতীকী ছবি
ঈদ আনন্দ আরও একটু বাড়িয়ে দিতে প্রতিবারই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন সিনেমা। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। ঈদুল ফিতরে আলোর মুখ দেখেছে পাঁচ ধাঁচের পাঁচটি সিনেমা। 

এগুলো হলো— আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’, সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনির ‘দম’, যাত্রাপথের গল্পে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, নায়কহীন রায়হান রাফির ‘প্রেশার কুকার’ এবং রিভেঞ্জের গল্প নিয়ে মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। তবে ‘প্রিন্স’ ছাড়া বাকি সিনেমাগুলো মূলত মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। হাউসফুল, চাহিদার কারণে প্রদর্শনী বাড়ানোর মতো সুখবর রয়েছে ঈদের সিনেমায়।

এবারের ঈদের সর্বাধিক প্রত্যাশিত সিনেমা ‘প্রিন্স’। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই সিনেমাটি ১৩৩টি প্রেক্ষাগৃহে একযোগে চলছে। প্রথম দিনেই বেশিরভাগ শো হাউসফুল গেছে সিনেমাটির। 

সিনেমাটিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, ড. এজাজসহ অনেকে।

প্রিন্স মুক্তির পর ব্যাপক সাড়া ফেললেও মাল্টিপ্লেক্স প্রদর্শনীতে দেখা দেয় জটিলতা। স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো বন্ধ থাকায় দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতেও স্টার সিনেপ্লেক্সে প্রিন্সের কোনো শো প্রদর্শিত হয়নি। 

জানা গেছে, নির্ধারিত সময়ে ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) সরবরাহে বিলম্ব এবং প্রযুক্তিগত সমস্যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সব জটিলতা কাটিয়ে ঈদের চতুর্থ দিন থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রদর্শন শুরু হয়েছে সিনেমাটির। 

বাংলা মুভি রিভিউের (বিএমআর) তথ্যমতে, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ১৬.১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে ২০.০৬ লাখ টাকা। তৃতীয় দিনে আয় কমে ১৫.২৯ লাখ এবং চতুর্থ দিনে ১৬.৩৮ লাখ টাকা হয়। পঞ্চম দিন শেষে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ৮৬.৪১ লাখ টাকায়।

মাল্টিপ্লেক্সগুলোতে গুরুত্ব পাচ্ছে ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দম প্রথম দিন থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন আফরান নিশো ও পূজা চেরি। সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী। 

সিনেমাটির দর্শক চাহিদার কারণে ইতিমধ্যে স্টার সিনেপ্লেক্সের শো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ থেকে ২৯। 

বিএমআরের তথ্য অনুযায়ী, বছরের প্রথম সিনেমা হিসেবে মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকার গ্রস কালেকশনের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে দম। মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ, দ্বিতীয় দিনে ৩৪.০৭ লাখ, তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ এবং চতুর্থ দিনে ৩৪.২১ লাখ টাকা আয় করে। পঞ্চম দিনে আয়ের অঙ্ক কিছুটা কমে ৩২.১৭ লাখ টাকায় দাঁড়ালেও প্রেক্ষাগৃহে এর অবস্থান এখনও বেশ শক্তিশালী।

প্রথম দিন থেকেই দর্শকদের মাঝে অভাবনীয় সাড়া ফেলেছে ‘রাক্ষস’। এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ভারতের সুস্মিতা চ্যাটার্জি। 

সিনেমাটি দর্শক টানলেও কুলিয়ারচরের আনন্দ সিনেমা হল ছাড়া সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায়নি। ঈদের দিন মাত্র ১৪টি শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছিল। তবে দর্শক চাহিদায় তা বেড়ে বিশের অধিক হয়েছে। 

বিএমআরের তথ্য মতে, মুক্তির প্রথম তিন দিনে মাল্টিপ্লেক্সে সিনেমাটির মোট গ্রস দাঁড়িয়েছে ৫৬.১৪ লাখ টাকা। পাঁচ দিন শেষে মোট মাল্টিপ্লেক্স গ্রস ৯৫.১৫ লাখ টাকা।

দর্শকদের বিশেষ আগ্রহ ও প্রশংসায় ভাসছে ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমা মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে। 

অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা এবং কণ্ঠশিল্পী মাশা। 

প্রযোজনা সংস্থা জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের সব শাখা থেকে চার দিনে ৮৫ লাখ এবং ব্লকবাস্টার সিনেমাস থেকে ১৫ লাখ টাকারও বেশি বিক্রি হয়েছে। পঞ্চম দিন শেষে মোট মাল্টিপ্লেক্স গ্রস ১.২২ কোটি টাকা।

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘প্রেশার কুকার’। চার নারীর মনস্তাত্ত্বিক টানাপড়েনের গল্প নিয়ে  নির্মিত হয়েছে প্রেশার কুকার। 

অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর ও সাবেরী আলম। 

বিএমআরের তথ্য অনুযায়ী, পাঁচ দিন শেষে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স আয় দাঁড়িয়েছে ৫২.৬৮ লাখ টাকা।

এফআর


  বিষয়:   নতুন  সিনেমা  দর্শক  মাতাচ্ছে  পাঁচ গল্প  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: