যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৬ মার্চ সারা দেশে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিস্তারিত তথ্য তুলে ধরেছেন দৈনিক সময়ের আলোর প্রতিনিধিরা।
চট্টগ্রাম : চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। ভোরে শহিদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ এবং রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করেন।
বরিশাল : বৃহস্পতিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের শুভসূচনা হয় বরিশালে।
এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
সিলেট : যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সিলেটে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ ভোরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
এদিন সকাল থেকে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে শহিদ মিনার প্রাঙ্গণ। সকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী শহিদ মিনারে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
খুলনা : মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপতি হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভসূচনা হয়।
কুমিল্লা : জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। উপজেলার বিশ্বরোডে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
গাইবান্ধা : যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের মতো গাইবান্ধায়ও ২৬ মার্চ উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের এবং উদযাপন করা হয় স্বাধীনতার গৌরব গাথা।
এদিন ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
পরে পৌর পার্কে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসীম উদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন দফতর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
চাঁদপুর : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের অত্যাধুনিক যুদ্ধজাহাজ বিসিজিএস কুতুবদিয়া জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
দিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।
বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ জাহাজটি ২৬ মার্চ দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে সর্বসাধারণের জন্য খোলা রাখা হয়।
খাগড়াছড়ি : ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি জেলার চেঙ্গী স্কয়ার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
২৬ মার্চ ভোরে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পার্বত্য খাগড়াছড়ি জেলা প্রশাসন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ-সংগঠন।
এফআর