চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন দক্ষিণ পতেঙ্গার চেয়ারম্যানঘাটা এলাকায় অবৈধভাবে মজুত করা ৬ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।
জানা গেছে, অভিযানে প্রায় ৩০ ড্রাম ভর্তি ৬ টন অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করা হয়েছে। যা ৬ হাজার লিটারের কিছু বেশি। পাশাপাশি ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়।
উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
তবে প্রাথমিকভাবে এর মূল্য কিছুটা কম হিসাবে উল্লেখ করা হয়েছে।
পতেঙ্গা থানার এসআই পল্লব সরকার বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল ডিজেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, অবৈধভাবে তেল মজুত ও সরবরাহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাতে বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম তৈরি না হয়।