পশ্চিম এশিয়ায় চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সরাসরি হুঁশিয়ারি দিল ইসরায়েলকে। পাকিস্তানের এক কৌশলগত ফোরামের বিবৃতিতে বলা হয়েছে, আমরা কাতার নই—আমাদের কোনও কূটনীতিকের ক্ষতি হলে, তার জবাব কঠোরভাবে দেওয়া হবে।
সম্প্রতি তেহরান-এ পাকিস্তানের দূতাবাসের কাছাকাছি এলাকায় বোমাবর্ষণের ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, ওই হামলায় জড়িত ছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। যদিও এতে কোনও পাকিস্তানি কূটনীতিক আহত হননি, তবুও সংবেদনশীল এলাকায় হামলার কারণে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ।
উল্লেখ্য, ইরান-এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। তাদের মাধ্যমেই কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এই অবস্থায় তেহরানে পাকিস্তানি দূতাবাসের কাছাকাছি হামলার ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে তারা।
পাকিস্তানের বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের যেখানেই হোক, আমাদের কূটনীতিকদের উপর আঘাত এলে তার জবাব দেওয়া হবে। কাতারের প্রসঙ্গ টেনে তারা জানায়, অন্য দেশ চুপ থাকলেও পাকিস্তান চুপ করে থাকবে না।
এদিকে, ইরানের পক্ষ থেকেও পাল্টা হামলার অভিযোগ উঠেছে। কাতার, বাহরাইন এবং সৌদি আরব-এ অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ রয়েছে। এমনকি তেল শোধনাগারও টার্গেট করা হয়েছে বলে জানা গেছে।
পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর সেই প্রেক্ষাপটে পাকিস্তানের এই কড়া বার্তা নতুন করে কূটনৈতিক চাপ তৈরি করছে।
/ইউএমএইচ