বাংলাদেশে বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অনিয়ম ও কারসাজি রোধে দেশজুড়ে বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
এই টিমের মাধ্যমে অবৈধ মজুদদারি বা কারসাজির তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগের কথা জানানো হয়।
পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় গ্রাহদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রেখে সাশ্রয়ী ব্যবহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।
বার্তায় বলা হয়, শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে অবৈধভাবে মজুত করা ৬ টন জ্বালানি তেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
উদ্ধারকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে সংরক্ষিত রয়েছে এবং এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বার্তায় আরো বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল অপসারণ করে তা বিভিন্ন স্থানীয় বিক্রেতার নিকট সরবরাহ করে থাকে।
সময়ের আলো/আর