যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএন কে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, রণতরীটি মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের অধীন মধ্যপ্রাচ্যে পাঠানো হতে পারে।
তবে এখনো স্পষ্ট নয়, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ওই অঞ্চলে ইতোমধ্যে মোতায়েন থাকা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে যোগ দেবে, নাকি সেগুলোর কোনো একটির পরিবর্তে সেখানে অবস্থান নেবে। গত কয়েক সপ্তাহ ধরে এই দুটি রণতরীই ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে অংশ নিচ্ছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও ইরনার বরাতে জানানো হয়, বুধবার ইরানের নৌবাহিনী তাদের উপকূল থেকে ‘কাদের’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্যবস্তু বানায়।
ইরানি নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি এক বিবৃতিতে বলেন, শত্রুপক্ষের বিমানবাহী রণতরীটি আমাদের নজরদারিতে ছিল। এটি আমাদের ক্ষেপণাস্ত্রের সীমানার মধ্যে প্রবেশ করা মাত্রই আঘাত হানা হয়েছে, যার ফলে রণতরীটি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
তেহরান এ ঘটনাকে তাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সাম্প্রতিক হামলার পরও রণতরীটি পরিস্থিতি সামলে নিয়ে তাদের নির্ধারিত সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে।