চলমান উত্তপ্ত পরিস্থিতিতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠক করেছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রাশিয়া বিবৃতিতে এই সংকটকে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের ফল হিসেবে উল্লেখ করেছে।
এছাড়া আন্তর্জাতিক আইন মেনে ও অঞ্চলের দেশগুলোর স্বার্থ বিবেচনা করে যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
লাভরভ বৈঠকে রাশিয়া থেকে ইরানে পাঠানো মানবিক সহায়তার বিষয়টিও তুলে ধরেন।
দুই দেশ সম্প্রতি একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে।
এতে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও জ্বালানি খাতের সহযোগিতার কথা বলা হলেও যুদ্ধকালীন সরাসরি সামরিক সাহায্যের শর্ত রাখা হয়নি।
পাশাপাশি, পশ্চিমা দেশগুলো এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
জি৭ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউরোপীয় নেতারা অভিযোগ করেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে।
গোয়েন্দা সূত্রের দাবি, মস্কো ইরানকে স্যাটেলাইট ছবি ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।