অবশেষে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি ইরান যুদ্ধে সরাসরি অংশ নেওয়া শুরু করেছে।
শনিবার (২৮ মার্চ) সকালে তারা দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরাইল।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার কারণে দক্ষিণ ইসরাইলের বিয়ারশেবা ও আশপাশের শহরে সাইরেন বাজতে থাকে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়।
ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে এটাই প্রথম হামলা। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর তা প্রতিহত করতে দ্রুত ব্যবস্থা নেয়া হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের ওপর আকস্মিক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরাইল গাজা উপত্যকায় সামরিক অভিযান চালায়। এরপর নভেম্বর মাসে হুথি গোষ্ঠী সমুদ্রপথে চলাচলকারী জাহাজ ও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরাইলও ইয়েমেনের হুথিদের লক্ষ্য করে কঠোর হামলা চালায়, এতে বেশ কয়েকজন হুথি নেতা ও বেসামরিক নাগরিক নিহত হন।
২০২৫ সালের অক্টোবর মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পর হুথিরা ইসরাইলের ওপর হামলা বন্ধ রাখে।
কিন্তু চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইলি-মার্কিন আগ্রাসন শুরু হলে হুথিরা আবার সক্রিয় হয়ে ওঠে।
প্রায় এক মাসের সংঘাতের পর এবার তারা সরাসরি ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুদ্ধে যোগ দেওয়ার সংকেত দিয়েছে।