তদারকির জন্য দেশের সব পেট্রলপাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি–সংকট দেখা দেওয়ায় জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত হয়েছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যে এক মাস ধরে যুদ্ধ চলছে। তাতে বিশ্বের জ্বালানি বাজার অস্থির হয়ে পড়েছে। বাংলাদেশেও সংকট দেখা দিয়েছে। কেনার চাপ বেড়ে যাওয়ায় পেট্রলপাম্পগুলোয় প্রতিদিন দীর্ঘ লাইন দেখা দিয়েছে, অনেক পাম্পে তেল মিলছে না।
এর মধ্যে বিভিন্ন স্থানে তেল মজুতের ঘটনা ধরা পড়ার প্রেক্ষাপটে গতকাল শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অনলাইন সভায় ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত হয়।
সভার সিদ্ধান্তে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবে। এই দুই মেট্রোপলিটন এলাকা বাদে জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি পেট্রলপাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অথবা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন বলে জানানো হয়েছে।
এদিকে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জ্বালানি তেল মজুত ঠেকাতে দেশের ৯টি জেলায় ১৯টি ডিপোতে বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/এআর