আইস টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবাইয়াত জামিল (৪৬) ২০২৬ সালের ২৭ মার্চ শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে একটি ক্রিকেট ম্যাচ খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন প্রয়াত মাহবুব জামিলের একমাত্র ছেলে। তার বাবা ছিলেন ২০০৮-০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (মন্ত্রীর পদমর্যাদার) এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান।
রুবাইয়াত জামিল একজন যুব উদ্যোক্তা ছিলেন। তিনি প্রযুক্তি খাতের পাশাপাশি খাদ্য ব্যবসা, লিফট ও এসকেলেটর এবং শিল্প শীতলীকরণসহ (ইন্ডাস্ট্রিয়াল কুলিং) বিভিন্ন খাতে ব্যবসায় যুক্ত ছিলেন। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই), ঢাকার সাবেক পরিচালক এবং আন্তর্জাতিক চেম্বার অফ কমার্স বাংলাদেশ, জার্মান চেম্বার, বেসিস, গুলশান ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা, গুলশান ইয়ুথ ক্লাব ও সাভার গলফ ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন।
রুবাইয়াত জামিলের ক্রিকেটের প্রতিও গভীর ভালোবাসা ছিল। ১৯৯০-এর দশকে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ছিলেন। খেলাধুলায় তার শৃঙ্খলা, ধৈর্য ও দলগত মনোভাব পরে তার ব্যবসায়িক জীবনেও প্রতিফলিত হয়েছিল।
তিনি মৃত্যুর সময় মা, বোন, স্ত্রী এবং তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধু রেখে গেছেন, যারা তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
তার নামাজে জানাজা আগামী ২৯ মার্চ রোববার জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।