সরকারি দল গণরায় মানছে না, তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে, আর বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নয় এমন দ্বিচারিতা আমরা আগে আওয়ামী আমলেও দেখেছি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা এখনকার সরকার দলের মধ্যেও দেখা যাচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই প্রবণতা চলতে থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথে জানাবে। এনসিপি শুধু সংসদেই নয়, রাজপথেও সক্রিয় থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি, কিন্তু রাজপথকে ভুলে যাব না।
এসময় সংস্কার, বিচার ও দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এই সংগ্রাম দেশের সব জায়গার মতো নারায়ণগঞ্জেও চালিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
/ইউএমএইচ