ডিজিটাল প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিলের দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে মাথায় সাদা কাফনের কাপড় বেঁধে ব্যতিক্রমী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে গোদাগাড়ী সদর ডাইংপাড়া মোড়ে ‘গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।
প্রিপেইড মিটারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এই মিটার চালুর পর থেকে বিদ্যুৎ খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।
মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করা, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য অভিন্ন মূল্য নির্ধারণ এবং গ্রাহকদের কাছ থেকে আদায় করা ডিমান্ড চার্জ বাতিল করা।
বক্তারা আরও বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে এখনো পোস্ট-পেইড মিটার চালু থাকলেও সাধারণ মানুষের ওপর প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বৈষম্যমূলক। পর্যাপ্ত জরিপ ও জনমত যাচাই ছাড়াই এ ব্যবস্থা চালু করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত প্রিপেইড মিটার প্রত্যাহার করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এফআর