আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সর্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এবারের নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’।
রোববার (২৯ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যথাযথ বাস্তবায়নে সভায় বিস্তারিত আলোচনায় বাংলা নববর্ষ উদযাপনকে সার্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে প্রাথমিক কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ :
*পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
*ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে বরাবরের ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফিডের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে।
*বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
*বাংলাদেশের রাজধানী শহর ঢাকাসহ দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে যথাযথ কর্মসূচি আয়োজন করবে শিল্পকলা একাডেমি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন এবং এতে জাতীয়তাবাদ সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে (জাসাস) সম্পৃক্ত করা হবে।
সভায় বক্তব্য রেখেছেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, চারুকলা অনুষদের অধ্যাপক কাওসার হাসান টগর, ছায়ানট প্রতিনিধি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের বান্দরবান প্রতিনিধি, ললিত কল একাডেমি প্রতিনিধি, বিএনপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাস সভাপতি হেলাল খান ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সভায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
সময়ের আলো/জেডআই